(৫৭) ইমামের সাথে একজন মোক্তাদী নামাযে দাঁড়ালে ইমামের একটু সামনে এগিয়ে দাঁড়ানো: নিয়ম হল, ইমাম ও মোক্তাদী সম্পূর্ণ বরাবর অর্থাৎ একই সমান রেখায় দাঁড়াবে। কেউ আগে-পিছে দাঁড়াবেনা। ইমাম বোখারী (রঃ) বোখারী শরীফে 'দু'জন হলে মোক্তাদী ইমামের ডানে বরাবর দাঁড়াবে' এ শিরোনামে এক অধ্যায়ে ইবনে আব্বাসের একটি হাদীস উল্লেখ করে বলেন, তিনি তাঁর খালা মায়মুনার কাছে রাত্রি যাপন করেন। তিনি বলেন, নবী করীম (সঃ) ঘুমিয়ে পড়েন। তারপর তিনি উঠে (তাহাজ্জুদের) নামায পড়েন। ইবনে আব্বাসও তাঁর সাথে নামাযের উদ্দেশ্যে বামে দাঁড়ান। নবী করীম (সঃ) তাঁকে নিজের ডানে দাঁড় করান।' ইবনে হাজার আসকালানী বলেন, এখানে ইমাম ও মোক্তাদী আগে-পিছে দাঁড়াননি।
আতা বিন আবি রেবাহও মোক্তাদীকে ইমামের বরাবর দাঁড়ানোর পক্ষে মত প্রকাশ করেছেন।
আবদুল্লাহ বিন আতাবাহ বিন মাসউদ বলেন: আমি 'হাজেরাহ' নামক জায়গায় হযরত ওমরের কাছে গেলাম। তখন তিনি নফল নামায পড়ছিলেন। আমি তাঁর পেছনে দাঁড়াই। তিনি আমাকে তাঁর ডানে দাঁড় করান।'(মোআত্তা মালেক)
আল্লামা নাসেরুদ্দীন আলবানী (রঃ) বলেছেন, এক ব্যক্ত ইমামের সাথে নামায পড়লে তাকে ইমামের ডানে বরাবর দাঁড়াতে হবে, ইমাম থেকে আগে ও পিছে দাঁড়াবে না। (সিলসিলাতুল আহাদীস আস-সহীহাহ নং ৬০৬)
সৌদী আরবের সুপ্রিম ওলামা কাউন্সিলের সদস্য শেখ আবদুল্লাহ জিবরীন বলেন, ইমামের সাথে মোক্তাদী একজন হলে ইমাম মোক্তাদী থেকে প্রায় এক বিঘত এগিয়ে দাঁড়াবে মর্মে হানাফী মাজহাবের এ মতটি অগ্রাধিকারযোগ্য নয়। হযরত ইবনে আব্বাস থেকে বর্ণিত হাদীস মোতাবেক মোক্তাদীকে ইমামের বরাবর দাঁড়াতে হবে।
0 comments:
Post a Comment
Thanks for your comments.