Thursday, August 13, 2026

পিলারের সারিতে কাতার বাঁধা এবং নামাযে একবার আগে, একবার পিছে যাওয়া

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ 
পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে

(৫৩) পিলারের সারিতে কাতার বাঁধা: মসজিদের যে সারিতে খুঁটি বা পিলার আছে সে সারিতে কাতার দাঁড়ানো ঠিক নয়। বরং আগে-পরে কাতার দাঁড় করানো উচিত। মর্মে কাররাহ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ (সঃ)-এর সময় খুঁটিসমূহের মাঝে আমাদেরকে কাতার বাঁধতে নিষেধ করা হত এবং আমাদেরকে খুঁটি থেকে হটিয়ে দেয়া হত। (ইবনু মাজাহ, ইবনু খোজাইমাহ, ইবনু হিববান, হাকেম, বায়হাকী, তায়ালেসী। হাকেমের মতে হাদীসের সনদ সহীহ এবং আল্লামা জাহাবী তা সমর্থন করেছেন)

আবদুল হামিদ বিন মাহমুদ থেকে বর্ণিত। 'তিনি বলেন, আমি জুম'আর দিন হযরত আনাস বিন মালেকের সাথে নামায পড়েছি। তখন আমাদেরকে খুঁটির দিকে ঠেলে দেয়া হলে আমরা আগে-পিছে হলাম। তখন হযরত আনাস (রাঃ) বলেন, আমরা নবী করীম (সঃ)-এর আমলে খুঁটি থেকে দূরে থাকার চেষ্টা করতাম।' (আবু দাউদ, নাসাঈ, তিরমিজী, ইবনু হিব্বান, হাকেম)

ইমাম বায়হাকী বলেছেন, কাতারের মাঝে খুঁটি থাকলে তা কাতারের পরিপূর্ণতা সাধনে বাধার সৃষ্টি করে। তবে একাকী নামায আদায়কারী খুঁটির পাশে দাঁড়ালে কোন অসুবিধে নেই। কেননা, বোখারী শরীফে বর্ণিত আছে, 'নবী করীম (সঃ) কা'বা শরীফে প্রবেশ করে সামনের দুই খুঁটির মাঝে নামায পড়েছেন।'

ইমাম শাওকানী বলেছেন, জাম'আতের কাতার পিলারের সারিতে মাকরূহ, একাকী নামায আদায়কারীর জন্য মাকরূহ নয়। কেননা, জাম'আতে খুঁটির কারণে কাতারে অপূর্ণতা থাকে।

ইমাম মালেকের মতে, ভীড়ের সময় মুসল্লীর সংকুলান না হলে পিলার বিশিষ্ট সারিতে জাম'আতে নামায আদায় করতে অসুবিধে নেই।

(৫৪) নামাযে একবার আগে, একবার পিছে যাওয়া: বিনা প্রয়োজনে শারীরিক চালচলন নামাযের বিনয় খুশুর পরিপন্থী। তাই তা করা ঠিক নয়।

0 comments:

Post a Comment

Thanks for your comments.